ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ১:২৭ অপরাহ্ন

শিরোনাম

চন্দ্রঘোনায় আহত বিরল লজ্জাবতী বানর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

  • আপডেট: Thursday, April 23, 2026 - 11:10 am

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।।

রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলা বাগান এলাকায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় যুবক ও Wildlife Snake Rescue Team in Bangladesh-এর রেস্কিউয়ার সদস্য ইমরান হোসেন ইমন প্রাণীটিকে বৈদ্যুতিক তারে আহত অবস্থায় দেখতে পান। পরে তিনি সেটিকে উদ্ধার করে বন বিভাগকে অবহিত করেন।

খবর পেয়ে কাপ্তাই বন বিভাগের সদস্যরা রাত আনুমানিক ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বানরটিকে উদ্ধার করে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে দায়িত্বরত বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

উদ্ধারকারী ইমরান হোসেন ইমন জানান, “রাত ৯টার দিকে কলা বাগান এলাকায় বানরটিকে বৈদ্যুতিক তারে আহত অবস্থায় দেখতে পাই। পরে দ্রুত সেটিকে উদ্ধার করে বন বিভাগকে জানাই। বন বিভাগের সদস্যরা এসে প্রাণীটিকে নিয়ে যান।”

কাপ্তাই রেঞ্জের বন বিভাগের অফিস সহকারী ওসমান গনি বলেন, “স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন ইমনের কাছ থেকে খবর পাওয়ার পর বিভাগীয় বন কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তার নির্দেশে ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করা হয় এবং রাতেই নিশ্চিন্তাপুর ইকো পার্কে হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও জানান, উদ্ধার হওয়া প্রাণীটি বিরল প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ (Bengal Slow Loris)। রাঙামাটি জেলায় এ প্রজাতির বানর খুবই বিরল, মাত্র ৪ থেকে ৫টি রয়েছে বলে ধারণা করা হয়। এ প্রজাতির প্রাণী সাধারণত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে বসবাস করে।