কাপ্তাই ব্যাটালিয়নের উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করেছে।
রবিবার (২০ জুলাই ২০২৬) সকাল ১০টায় ওয়াগ্গাছড়া জোন সদর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে মোট ১২টি পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ৬টি পরিবারকে নগদ অর্থ, ৫টি পরিবারকে ঢেউটিন এবং ১টি পরিবারকে একটি সেলাই মেশিন দেওয়া হয়।
এ সময় জোন কমান্ডার উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পারিবারিক অবস্থা ও বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ভবিষ্যতেও সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা অসচ্ছল পরিবারের দুর্ভোগ লাঘবের পাশাপাশি তাদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











