ঢাকা | মে ২৪, ২০২৬ - ৬:২৫ অপরাহ্ন

শিরোনাম

ঈদ উপলক্ষে বরকলে বিজিবির মানবিক সহায়তা প্রদান

  • আপডেট: Sunday, May 24, 2026 - 5:54 pm

বরকল (রাঙামাটি) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙামাটির বরকল উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)। এলাকার সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের মানবিক সহায়তা ও অনুদান প্রদান করেছে বিজিবি।

রবিবার (২৪ মে) সকালে ছোটহরিণা ব্যাটালিয়ন সদর এলাকার টটিনী পোস্টের সামনে আয়োজিত অনুষ্ঠানে ১৫ জন উপকারভোগীর মাঝে মোট ৮৮ হাজার টাকার আর্থিক সহায়তা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

সহায়তার মধ্যে ছিল অসহায় পরিবারের ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য ঢেউটিন, দুস্থদের চিকিৎসা সহায়তায় নগদ অর্থ, আত্মনির্ভরশীলতার জন্য সেলাই মেশিন, সোলার সিস্টেম এবং শিশুদের জন্য খেলনা সামগ্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী। তিনি উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

এসময় তিনি বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ছোটহরিণার মতো দুর্গম পার্বত্য এলাকায় নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছে বিজিবি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক, সেটিই আমাদের প্রত্যাশা।”

বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সীমান্তবর্তী দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষজন।