ঢাকা | মে ১৯, ২০২৬ - ১:৩২ অপরাহ্ন

শিরোনাম

ঈদের কেনাকাটায় ২০ হাজার টাকার মধ্যে ১০ স্মার্টফোন

  • আপডেট: Tuesday, May 19, 2026 - 1:10 pm

টেক ডেস্ক।। ঈদ উপলক্ষে পোশাকের পাশাপাশি কাজের ধরন বুঝে স্মার্টফোন কেনেন অনেকেই। দেশের বাজারে ২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ভালো মানের ফোন পাওয়া যাচ্ছে। রাজধানীর বিভিন্ন বিক্রয়কেন্দ্র ঘুরে ১০ থেকে ২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ফোনের ক্যামেরা, পর্দার আকার, প্রসেসর ও দাম তুলে ধরা হলো।

১. সিম্ফনি ম্যাক্স ৬০

৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস পর্দার সিম্ফনি ম্যাক্স ৬০ মডেলের ফোনটিতে ১.৬ গিগাহার্জ গতির অক্টাকোর ইউনিসক প্রসেসর রয়েছে। ছবি তোলার জন্য ফোনটির পেছনে এআই প্রযুক্তির ১৩ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে ফেস আনলক প্রযুক্তির পাশাপাশি আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরও রয়েছে। ফোনটির দাম ১০ হাজার ৬৫০ টাকা।

২. ওয়ালটন জেনেক্স ওয়ান টি

৬.৬ ইঞ্চি পর্দার ফোনটিতে ৮ গিগাবাইট র‍্যাম থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ১.৬ গিগাহার্জ গতির ইউনিসক টাইগার টি৬০৬ প্রসেসর রয়েছে। ছবি তোলার জন্য ফোনটির সামনে–পেছনে রয়েছে ৮ ও ৫২ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটির ধারণক্ষমতা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়। ফোনটির দাম ১৩ হাজার ২৭০ টাকা।

৩. ইনফিনিক্স স্মার্ট ১০

ইনফিনিক্স স্মার্ট ১০ স্মার্টফোনটিতে টি৭২৫০ প্রসেসরের পাশাপাশি ৩ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। ফোনটিতে থাকা ৬.৬৭ ইঞ্চি পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্জ হওয়ায় উন্নত রেজোলু্৵শনে ছবি ও ভিডিও দেখা যায়। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলা ফোনটির সামনে ও পেছনে উভয় পাশেই রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ধুলাবালি ও পানির ছিটেফোঁটাতে নষ্ট হয় না ফোনটি। দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।

৪. শাওমি রেডমি এ৭

১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৮৮ ইঞ্চির বড় এইচডি প্লাস আইপিএস পর্দা রয়েছে শাওমি রেডমি এ৭ মডেলের ফোনটিতে। ইউনিসক টি৭২৫০ প্রসেসরে চলা ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা ও একটি লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটির পাশে আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সর রয়েছে। ফোনটির দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।

৫. টেকনো স্পার্ক গো ৩

টেকনো স্পার্ক গো ৩ মডেলের ফোনটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস পর্দা রয়েছে। ইউনিসক টি৭২৫০ প্রসেসরে চলা ফোনটির পেছনে ডুয়াল ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ফ্ল্যাশসহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। পানির ছিটেফোঁটা ও ধুলাবালি থেকে সুরক্ষার জন্য ফোনটিতে রয়েছে আইপি৬৪ রেটিং এবং পাশে আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সর। ফোনটির দাম ১৪ হাজার ২৯৯ টাকা।

৬. রিয়েলমি নোট ৭০

৬.৭ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ৯০ হার্জ আই কমফোর্ট পর্দার ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৭২৫০ প্রসেসর। ছবি তোলার জন্য ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স এবং আইপি৬৪ রেটিং থাকায় পড়ে গেলে ভাঙে না, ধুলাবালি ও পানিতেও নষ্ট হয় না ফোনটি। আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরযুক্ত ফোনটির দাম ১৪ হাজার ৪০০ টাকা।

৭. ভিভো ওয়াই০৫

১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি পর্দা রয়েছে ভিভো ওয়াই০৫ মডেলের ফোনটিতে। ইউনিসক টি৭২২৫ প্রসেসরের এই ফোনটির পেছনে ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। আইপি৬৫ রেটিং এবং আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরযুক্ত ফোনটিতে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি থাকায় চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ফোনটির দাম ১৪ হাজার ৪৯৯ টাকা।

৮. স্যামসাং গ্যালাক্সি এ০৬

৬.৭ ইঞ্চি পর্দার স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর এবং ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় কম সময়ে দ্রুত চার্জ করা যায় ফোনটি। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেলফি তোলার জন্য সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। নক্স ভল্ট সিকিউরিটি এবং আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরযুক্ত ফোনটির দাম ১৬ হাজার ২৯৯ টাকা।

৯. অনার এক্স৫সি প্লাস

অনার এক্স৫সি প্লাস মডেলের ফোনটিতে ৯০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস টিএফটি এলসিডি পর্দা রয়েছে। মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেল ও ০.০৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৫ হাজার ২৬০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির পাশাপাশি ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে ফোনটিতে। আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরযুক্ত ফোনটির দাম ১৬ হাজার ২৯৯ টাকা।

১০. অপো এ৬কে

৪ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে অপো এ৬কে মডেলের ফোনটিতে। ১২০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস পর্দা থাকায় ফোনটিতে সহজেই উন্নত রেজোল্যুশনে ছবি ও ভিডিও দেখা যায়। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরে চলা ফোনটির সামনে–পেছনে রয়েছে ৫ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। আইপি৬৪ রেটিং ও আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরযুক্ত ফোনটিতে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিও রয়েছে। ফোনটির দাম ১৮ হাজার ৭৯৯ টাকা।