ঢাকা | জুন ১, ২০২৬ - ৫:৪৬ অপরাহ্ন

শিরোনাম

আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ছড়াল সামাজিক যোগাযোগমাধ্যমে

  • আপডেট: Monday, June 1, 2026 - 4:43 pm

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শশী কমিউনিটি সেন্টার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন বলে অভিযোগ উঠেছে। মিছিলের একাধিক ভিডিও সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সংগঠনটির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নেতাকর্মীরা এ মিছিল বের করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পিএবি সড়ক হয়ে শশী কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছেন। এ সময় তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। তাদের বহন করা একটি ব্যানারে ‘রবিউল হায়দার কর্মী, দক্ষিণ জেলা ছাত্রলীগ’ লেখা দেখা যায়। মিছিলটি শশী কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে।