আজকের বিশ্বায়নের লেখাপড়ায় কারিকুলাম পরিবর্তনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক।। আজকের বিশ্বায়নের লেখাপড়ায় এ প্লাসের গুরুত্ব তেমন একটি নেই মন্তব্য করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তাই আমাদের লেখাপড়ার মডিউলকে (কারিকুলাম) চেঞ্জ করতে হবে।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা ফোরাম-২০২৬ এর আলোচনা সভায় তিনি একথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, বিগত দিনের শিক্ষাব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তোমরা বিশ্বাস করো আমরা শুধু আগের মতো পরীক্ষা, পরীক্ষা, জিপিএ-৫ নিয়ে পরে থাকবো, এটা হতে পারে না। আজকের বিশ্বায়নের লেখাপড়ায় এ প্লাসের গুরুত্ব তেমন একটি নেই। অতএব আমাদের লেখাপড়ার মডিউলকে (কারিকুলাম) চেঞ্জ করতে হবে। তোমাদেরকে এমন শিক্ষায় নিয়ে যেতে হবে, যেখানে উন্নত বিশ্বে প্রজেক্টের মধ্য দিয়ে ছোট শিশু থেকে বড় পর্যনর্ত লেখাপড়া শেখানো হয়। ক্লাসরুমে এসেসমেন্ট থাকতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের আগে শিক্ষকদের অ্যাড্রেস করতে হবে, কিভাবে ক্লাসরুমে পড়াশোনা করাবে। সারা বছর বসে থাকবো, বছর শেষে পরীক্ষা দিবো। এটাই পড়ালেখা নয়।প্রতিদিন ক্লাসরুমে সঠিকভাবে পড়ালেখা করাতে হবে এবং মূল্যায়িত করতে হবে শিক্ষার্থীরা ঠিকমত এগোতে পারছে কিনা।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় দক্ষ মানবসম্পদই প্রধান চালিকাশক্তি, যার মূল ভিত্তি হলো আধুনিক শিক্ষা। চীনের সাথে এই শিক্ষা সহযোগিতা আমাদের উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে মাইলফলক হিসেবে কাজ করবে।
তিনি বর্তমান সরকারের আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বের কথা স্মরণ করে বলেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করবে।” তিনি বিশেষ করে কারিগরি ও ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে যৌথ বিনিয়োগ ও উদ্যোগের ওপর গুরুত্ব দেন।











