ঢাকা | মে ১৭, ২০২৬ - ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম

আওয়ামী লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • আপডেট: Sunday, May 17, 2026 - 11:41 am

কুমিল্লা উত্তর প্রতিনিধি।। কুমিল্লায়‍ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপির ছেলে ও উপজেলা চেয়ারম্যানসহ ৮৬ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছেন মাহবুবা ইসলাম মিলি নামে এক বিএনপি নেত্রী।

শনিবার (১৬ মে) মেঘনা থানায় মামলাটি রুজু করা হয়েছে।

মামলায় কুমিল্লার-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূইয়ার ছেলে ও দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনকে প্রধান করে এবং মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম ও তাজুল ইসলাম তাজসহ ৮৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন ১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নেন। প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর আলী সুমনের নির্দেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুবিদ আলী ভূইয়ার কর্মী সমর্থক ও মেঘনা উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে এবং একাধিক ককটেল বিস্ফোরণ করে।

এ সময় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

মেঘনা উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব এম এম মিজানুর রহমান বলেন, ২০১৮ সালের ওই হামলা ৭১ এর যুদ্ধকেও হার মানিয়েছে। খন্দকার মোশাররফ অল্পের জন্য প্রাণে রক্ষা পান। আমরা মহিলাদের কাপড় পড়ে কোনো রকম জীবন বাচাই।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় বিএনপি নেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে মামলা করেছেন। মামলায় এজাহার নামীয় আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।