ঢাকা | জুন ১৬, ২০২৬ - ১২:০৩ অপরাহ্ন

শিরোনাম

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা, ফিরলেন সৌম্য সরকার 

  • আপডেট: Tuesday, June 16, 2026 - 10:57 am

 

স্পোর্টস ডেস্ক।। চট্টগ্রামে আগামীকাল থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের সিরিজে নতুন করে ডাক পেয়েছেন সৌম্য সরকার। এর আগে ওয়ানডে সিরিজ চলাকালীন গত বৃহস্পতিবার শর্টার ফরম্যাটের সিরিজের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে ছিলেন না বাঁ-হাতি এই ওপেনার।

সৌম্যকে দলে নিতে অবশ্য কাউকে বাদ পড়তে হচ্ছে না। ৩৩ বছর বয়সী ব্যাটার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৪৬২ রান করেছেন।

বুধবার দুপুর ২টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে সফরকারীদের বিপক্ষে বাকি দুই ম্যাচও খেলবে টাইগাররা। সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

এর আগে তিন ম্যাচের এক দিনের সিরিজে অস্ট্রেলিয়াকে প্রথমবারের ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জেতার পর বাংলাদেশের সামনে শেষ ম্যাচে অজিদের হারিয়ে হোয়াইটওয়াশের হাতছানি ছিল। তবে টানটান উত্তেজনার ম্যাচটি শেষ পর্যন্ত এক উইকেটে জেতে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন, সৌম্য সরকার।