ফিফার ভুলে ফ্লাইট বিপর্যয়, উৎকন্ঠা কাটিয়ে তিনঘণ্টা বিলম্বে মায়ামিতে উরুগুয়ে
খেলা ডেস্ক।। ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কাল ভোরে সৌদি আরবের মুখোমুখি হবে উরুগুয়ে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের ঠিক আগমুহূর্তে এক বড়সড় ধাক্কা খেয়েছে তারা। উরুগুয়ে দলকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশের অনুমতি না পাওয়ায় সেটি উড্ডয়ন করতে পারেনি।
স্পেনের প্রভাবশালী দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, উরুগুয়ে প্রতিনিধি দলকে পরিবহনের জন্য নির্ধারিত বিমানটি যুক্তরাষ্ট্রের বিমান চলাচল সংক্রান্ত নিয়মকানুন পূরণ করতে ব্যর্থ হওয়ায় এই জটিলতা তৈরি হয়।
এই ঘটনার পর শঙ্কা তৈরি হয়েছিল উরুগুয়ে দল সময়মতো হয়তো ভেন্যুতে পৌঁছাতে পারবে না, কিংবা প্রথম ম্যাচের আগে প্রস্তুতির জন্য একদমই সময় পাবে না। তবে সব উৎকণ্ঠা কাটিয়ে নির্ধারিত সময়ের চেয়ে ৩ ঘণ্টারও বেশি বিলম্ব করে নিরাপদে মায়ামিতে পৌঁছায় লা সেলেস্তেরা।
এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের পেছনে দায়ী ছিল ফিফার একটি কাগজের ভুল। মেক্সিকো থেকে উরুগুয়ে দলকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য ফিফা যে বিমানটি নির্ধারণ করেছিল, সেটির প্রয়োজনীয় কাগজপত্র ঠিক ছিল না।
নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর আকাশ ও সড়কপথের সমস্ত যাতায়াত ব্যবস্থার সমন্বয়ের দায়িত্ব ফিফার। ভুল ধরা পড়ার পর আয়োজকরা তড়িঘড়ি করে আন্তর্জাতিক ফ্লাইটের সব নিয়ম মেনে চলে এমন একটি বিকল্প বিমানের ব্যবস্থা করতে বাধ্য হন।
এই অপ্রত্যাশিত জটিলতার কারণে উরুগুয়ের ম্যাচ-পূর্ববর্তী নির্ধারিত সূচিতেও বড় ধরনের ওলটপালট হয়েছে। দেরিতে পৌঁছানোর ফলে প্রধান কোচ মার্সেলো বিয়েলসা এবং অধিনায়ক হোসে মারিয়া হিমিনেজের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করতে হয়েছে।
সৌদি আরবের ও উরুগুয়ের ম্যাচটি শুরু হবে আগামীকাল বাংলাদেশ সময় ভোর চারটায়। ‘এইচ’ গ্রুপের অন্য দুই দল স্পেন ও কেপ ভার্দে মাঠে নামবে আজ রাত ১০ টায়।











