ঢাকা | মে ২৪, ২০২৬ - ৪:৩৪ অপরাহ্ন

শিরোনাম

অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার তহবিল

  • আপডেট: Sunday, May 24, 2026 - 3:38 pm

ডেস্ক রিপোর্ট।। বৈশ্বিক অর্থনৈতিক চাপের সময়, করোনা কালে ২৩ টির বেশি প্রণোদনা প্যাকেজে প্রায় ১ লাখ ২১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। উদ্দেশ্য ছিল শিল্প ও কর্মসংস্থান রক্ষা। তবে সেই অর্থের বড় অংশই সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা তা নিয়ে আছে বড় ধরনের প্রশ্ন।

সেই অভিজ্ঞতার মধ্যে এবার ২৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য সামনে রেখে ৬০ হাজার কোটি টাকার নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ৪১ হাজার কোটি টাকা দেবে বাণিজ্যিক ব্যাংকগুলো এবং ১৯ হাজার কোটি টাকা দেবে বাংলাদেশ ব্যাংক।

প্যাকেজের সবচেয়ে বেশি ২০ হাজার কোটি টাকা রাখা হয়েছে বন্ধ শিল্প কারখানা চালু করতে। যেখানে বহু শিল্প প্রতিষ্ঠানের ইচ্ছাকৃত ঋণ খেলাপি, দুর্বল ব্যবস্থাপনা কিংবা বাজার সংকটের কারণে বন্ধ হয়েছে, সেখানে নতুন অর্থায়ন প্রকৃত উৎপাদন বাড়বে নাকি আগের ঘটনার পুনরাবৃত্তি হবে সেটি এখন বড় প্রশ্ন।

এছাড়া সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি, কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ১০ হাজার কোটি, রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি এবং উত্তরবঙ্গকে কৃষি হাব গড়ে তুলতে আরো ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া কটেজ ও ক্ষুদ্র উদ্যোক্তা, চামড়া শিল্প, বেকার যুবক, মাছ রপ্তানি, গ্রিন বিনিয়োগ, স্টার্ট-আপ ও বিদেশে কর্মসংস্থান খাতেও বিশেষ তহবিল রাখা হয়েছে।

তারল্য সংকট, উচ্চ খেলাপি ঋণ ও দুর্বল সুশাসনের চাপে থাকা ব্যাংকগুলো নতুন করে ঋণ বিতরণের ঝুঁকি নেবে কিনা, সেটিও দেখার বিষয়। যথাযথ নজরদারি না থাকলে অতীতের মতো প্রণোদনার বড় অংশ প্রভাবশালী গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হওয়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া বিপুল পরিমাণ অর্থ বাজারে গেলে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে।

বাংলাদেশ ব্যাংক বলছে, এই প্যাকেজের মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে ২৫ লাখের বেশি কর্মসংস্থান তৈরি হবে। তবে রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ বিতরণ ও কঠোর মনিটরিং ছাড়া এই প্রণোদনার কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে বলে মত বিশ্লেষকদের।