সাজেকে সন্ত্রাসীদের গুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত
রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের দুর্গম শুকনোছড়া এলাকায় ইউপিডিএফ প্রসীত দলের সদস্য হেগেরা চাকমা নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (৯ মে) ভোরে শুকনোছড়া ১০ নম্বর পাড়ায় আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ব্রাশফায়ার করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত হেগেরা চাকমা ওরফে (লেত্তবাপ) পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত দলের সদস্য ছিলেন।
তবে এ বিষয়ে ইউপিডিএফের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন নিহতের খবর নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় পৌঁছাতে দেরি হচ্ছে।
ঘটনার পর শুকনোছড়া, মারিশ্যা ও সাজেকের আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা সম্ভাব্য সহিংসতা এড়াতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন আঞ্চলিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভ্রাতৃঘাতী সংঘাত চলমান রয়েছে। বিশেষ করে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকায় প্রায়ই গুলি, অপহরণ, হত্যা ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এতে সাধারণ পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।











