ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ৫:২৬ অপরাহ্ন

শিরোনাম

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করল সেনাবাহিনী

  • আপডেট: Friday, July 10, 2026 - 2:49 pm

মো. আল আমিন, দীঘিনালা।।

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রে আটকে পড়া পর্যটকদের নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (১০ জুলাই) খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) এ কার্যক্রম সম্পন্ন করে।

সেনাবাহিনী জানায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সাজেক–বাঘাইহাট সড়কের বিভিন্ন স্থান প্লাবিত হয়। বর্তমানে বেশির ভাগ স্থানের পানি নেমে গেলেও বাঘাইহাট বাজার এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। এ ছাড়া কয়েকটি স্থানে পাহাড়ধসের ঝুঁকি থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ অবস্থায় সাজেকে অবস্থানরত প্রায় পাঁচ শতাধিক পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। গত ৮ জুলাই থেকে আটকে পড়া পর্যটকদের সাজেকের বিভিন্ন রিসোর্টে বিনা মূল্যে থাকার ব্যবস্থা করা হয়। পাশাপাশি তাঁদের জন্য প্রয়োজনীয় অন্যান্য সহায়তাও নিশ্চিত করা হয়।

এর আগে, ৯ জুলাই প্রথম ধাপে দেড় শতাধিক পর্যটককে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। শুক্রবার দ্বিতীয় ধাপে অবশিষ্ট চার শতাধিক পর্যটককে সেনাবাহিনীর সমন্বিত তৎপরতা, নিবিড় তদারকি এবং স্থানীয়দের সহযোগিতায় নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

গন্তব্যে রওনা হওয়ার সময় কয়েকজন পর্যটক সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সেনাবাহিনীর সার্বক্ষণিক সহযোগিতা ও তদারকির কারণে তাঁরা নিরাপদে ফিরে যেতে পেরেছেন।

সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং মানবিক সহায়তা দিতে ভবিষ্যতেও তারা একই নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।