ঢাকা | মে ১৯, ২০২৬ - ১১:২১ অপরাহ্ন

লামায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬’র উদ্বোধন

  • আপডেট: Tuesday, May 19, 2026 - 8:14 pm

লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের সভাকক্ষে মেলার উদ্বোধন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন উদ্দিন। মেলা চলবে আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত।

এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের জন্য সেবাগ্রহীতারা উপজেলা ভূমি অফিসে সরাসরি এসে তাৎক্ষণিক সমাধান পেতে পারবেন। ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সরকার বিভিন্ন ডিজিটাল সেবা চালু করেছে।

এর আগে সোমবার (১৮ মে) বিকেলে লামা উপজেলা ভূমি অফিস আয়োজিত এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের ভূমিসেবা মেলার বিভিন্ন সুবিধা ব্যাপকভাবে প্রচারের আহ্বান জানানো হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মঈন উদ্দিন সাংবাদিকদের ভূমি সেবার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

মেলায় প্রদত্ত সেবার মধ্যে রয়েছে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ক্যাশলেস বা অনলাইনে ভূমি কর নিবন্ধন ও কর পরিশোধে সহায়তা, খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফাইড কপি উত্তোলন, কাগজপত্র যাচাই-বাছাই এবং নামজারি ও সাব-রেজিস্ট্রি সংক্রান্ত দ্রুত সেবা প্রদান।

এছাড়া ভূমি সংক্রান্ত যেকোনো সমস্যা, অভিযোগ বা তথ্য জানার জন্য কল সেন্টার ১৬১২২ ব্যবহারের নিয়মাবলি সম্পর্কেও ধারণা দেওয়া হয়। সেবাগ্রহীতাদের সরকারি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই ভূমির ডিজিটাল সেবা গ্রহণের আহ্বান জানানো হয়।

তবে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি অনুসরণ করায় তিন পার্বত্য জেলায় কিছু সেবার ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে বলেও জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ১৮টি মৌজার হেডম্যান, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সাধারণ সেবাপ্রার্থীরা উপস্থিত ছিলেন।