ঢাকা | জুন ৮, ২০২৬ - ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবান বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে সরকারি ও বেসরকারি সহায়তা

  • আপডেট: Monday, June 8, 2026 - 9:18 pm

বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের বালাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে সরকারি ও বেসরকারি উদ্যোগে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা তুলে দেন বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৭ হাজার ৫০০ টাকার চেক এবং ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। একইসঙ্গে বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরি এমপির পক্ষ থেকেও প্রতিটি পরিবারকে ৭ হাজার ৫০০ টাকার চেক ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এছাড়া আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউসের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারকে ৭ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সহায়তা বিতরণকালে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউসের প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত ৫ জুন বালাঘাটা এলাকায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্ঘটনার পর থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-উন্নয়নমূলক প্রতিষ্ঠান এগিয়ে আসে।