বান্দরবানে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান
বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি পালন করেছে বান্দরবান সেনা রিজিয়ন। বৃহস্পতিবার (২১ মে) সকালে ব্রিগেড সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেডের জিএসও-৩ (ইন্টেলিজেন্স) ক্যাপ্টেন মোঃ সামিউল ইসলাম। এসময় রিজিয়ন অফিসের স্টাফ সদস্যবৃন্দ ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, সিদ্ধ চাল, আটা, সেমাই, গুঁড়া দুধ, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ ও আলু। এছাড়াও দুইটি অসহায় পরিবারের দুগ্ধ শিশুদের জন্য গুঁড়া দুধ প্রদান করা হয়। তিনটি অসহায় পরিবারকে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন এবং এক ত্রিপুরা সম্প্রদায়ের ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে ক্যাপ্টেন মোঃ সামিউল ইসলাম বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সব সময় মানবিক প্রয়োজনে সাধারণ মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত। প্রত্যন্ত অঞ্চলের মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে।”
বান্দরবান রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম পাহাড়ি অঞ্চলের আর্তপীড়িত মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।











