ঢাকা | জুন ১০, ২০২৬ - ৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম

সম্প্রীতির বার্তা ছড়ালো বান্দরবান সেনা জোনের ভলিবল টুর্নামেন্ট

  • আপডেট: Wednesday, June 10, 2026 - 5:41 pm

বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবান সেনা জোনের উদ্যোগে সম্প্রীতির ভলিবল টুর্নামেন্ট-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান সেনা জোন মাঠে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বান্দরবান সেনা জোন দল ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ দল।

পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি এবং বান্দরবানের জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম। এছাড়া সেনা জোনের অন্যান্য কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খেলাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য, দলগত সমন্বয় এবং খেলোয়াড়সুলভ মনোভাব উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। মাঠজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা ও প্রাণবন্ত অংশগ্রহণ, যা সম্প্রীতি ও ঐক্যের এক অনন্য বার্তা বহন করে।

প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি প্রতিযোগিতার সার্বিক আয়োজন ও খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সম্প্রীতিমূলক আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করার লক্ষ্যে তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে সেনাবাহিনী ও স্থানীয় ক্রীড়া সংগঠনের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানের সমাপ্তিতে উপস্থিত সবাই খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সামাজিক বন্ধন আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। সম্প্রীতির এ আয়োজন উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।