ঢাকা | মে ৪, ২০২৬ - ১০:২৫ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানে শিক্ষাবৃত্তি প্রদান শুরু, পর্যায়ক্রমে পাবে ২৭৭৯ শিক্ষার্থী

  • আপডেট: Monday, May 4, 2026 - 7:51 pm

বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে জেলার স্থায়ী অধিবাসী মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান শুরু হয়েছে। সোমবার (৪ মে) সকাল ১১টায় জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রথম ধাপে ২৩০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
জানা গেছে, উচ্চ মাধ্যমিক/সমমান, স্নাতক (সম্মান)/স্নাতক/সমমান এবং স্নাতকোত্তর/সমমান পর্যায়ে অধ্যয়নরত বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই এবং শিক্ষাবৃত্তি প্রদান কমিটির সুপারিশের ভিত্তিতে মোট ২ হাজার ৭৭৯ জন শিক্ষার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। সভাপতিত্ব করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. রিয়াজুল হক।
এছাড়া অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্যবৃন্দ, এক্সিকিউটিভ অফিসার মুহাম্মদ আবুল মনসুর, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পরাক্রম চাকমা, সাংবাদিকবৃন্দ এবং বৃত্তি গ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মেধা বিকাশে আর্থিক প্রতিবন্ধকতা যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই জেলা পরিষদ নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও উৎসাহিত করতে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, অবশিষ্ট নির্বাচিত শিক্ষার্থীদের পর্যায়ক্রমে বৃত্তি প্রদান করা হবে। বৃত্তি গ্রহণের তারিখ ও সময় জেলা পরিষদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেওয়া হবে।