ঢাকা | জুন ২৪, ২০২৬ - ৪:৫৮ অপরাহ্ন

শিরোনাম

পানছড়িতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 3:54 pm

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন ২০২৬) দুপুরে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু স্বাস্থ্য বিভাগের একটি কার্যক্রম নয়, বরং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার একটি সামাজিক উদ্যোগ। এ কর্মসূচি শতভাগ সফল করতে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, “আগামী ২৮ জুন আমাদের একটাই লক্ষ্য, একটিও শিশু যেন ভিটামিন-এ খাওয়া থেকে বাদ না পড়ে। সবার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা নিশ্চিত করা গেলে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।”

সভায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে করণীয়, প্রচার-প্রচারণা জোরদার করা, শিশুদের উপস্থিতি নিশ্চিত করা এবং মাঠপর্যায়ের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাদ, উপজেলা মডেল মসজিদের ইমাম মো. সাব্বির মাহমুদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন উপজেলার বিভিন্ন কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।