বান্দরবানে বন্যার্ত পানিবন্দি পরিবারের পাশে সেনাবাহিনী
বান্দরবান প্রতিনিধি।।
অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১০ জুলাই) সকালে বান্দরবান সদর জোনের উদ্যোগে কুহালং ইউনিয়নের দুর্গম বন্যাকবলিত এলাকায় ৫৩টি পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বান্দরবান সদর জোন সূত্রে জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সেনাবাহিনীর একটি টহল দল কুহালং ইউনিয়নের উনুচিং মং কারবারি পাড়া, উসই মং কারবারি পাড়া এবং বাকিছড়া মুখ এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। এ সময় ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্যতেল, লবণ ও বিভিন্ন ধরনের শুকনো খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের পাশাপাশি সেনাসদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং চলমান বন্যা পরিস্থিতিতে নিরাপদে অবস্থান, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। পুরো কার্যক্রমে কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত থেকে সহযোগিতা করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় বন্যা শুরুর পর থেকে তাদের এলাকায় আগে কোনো ত্রাণসামগ্রী পৌঁছেনি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর সময়োপযোগী এই মানবিক সহায়তা তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে। এ উদ্যোগের জন্য তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানে তারা সর্বদা প্রস্তুত। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী দুর্গত ও অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।











