ঢাকা | মে ৯, ২০২৬ - ৬:২৬ অপরাহ্ন

শিরোনাম

বাজার মূলধন কমলো পাঁচ হাজার কোটি টাকা

  • আপডেট: Saturday, May 9, 2026 - 1:12 pm

ডেস্ক রিপোর্ট।। দরপতনের মধ্য দিয়ে গত সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। এতে সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে কমেছে প্রধান মূল্য সূচক। সেই সঙ্গে ডিএসইর বাজার মূলধন পাঁচ হাজার কোটি টাকার ওপরে কমে গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসে মূল্য সূচক কমেছে। এতে সপ্তাহের ব্যবধানে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠানের স্থান হয়েছে দাম কমার তালিকায়।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪১টির শেয়ার ও ইউনিটের স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ২২২টির। আর ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।

এতে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার ৯৯৪ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৮৫ হাজার ১১৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫ হাজার ১২৪ কোটি টাকা।

বাজার মূলধন কমার পাশাপাশি গত সপ্তাহে প্রধান মূল্য সূচকও কমেছে। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে কমেছে ৫২ দশমিক ৭৭ পয়েন্ট বা ১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১১ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ২২ শতাংশ।

অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহজুড়ে কমেছে ১৫ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ২ দশমিক শূন্য ৭ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ।

আর ইসলামী শরিয়াহভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহজুড়ে বেড়েছে ৫ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১৩ দশমিক ৮৬ পয়েন্ট বা ১ দশমিক ৩০ শতাংশ।

এদিকে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের গতি কমেছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮৩০ কোটি ২৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৯৪৩ কোটি ৩৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১১৩ কোটি ১৫ লাখ টাকা বা ১১ দশমিক ৯৯ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩১ কোটি ২৮ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩ দশমিক ৭৭ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা এনসিসি ব্যাংকের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৫ কোটি ৭৫ লাখ টাকা। প্রতিদিন গড়ে ২২ কোটি ৬৪ লাখ টাকা লেনাদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।

এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে-মুন্নু সিরামিক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিটি ব্যাংক, মীর আক্তার হোসেন লিমিটেড, বেক্সিমকো ফার্মা, জিকিউ বলপেন এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স।