ঢাকা | জুলাই ১৪, ২০২৬ - ৭:৩৪ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে বানভাসি মানুষের পাশে জামায়াতে ইসলামী, নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা সহায়তা

  • আপডেট: Tuesday, July 14, 2026 - 3:47 pm

বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে নিহত এক ব্যক্তির পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে উপজেলার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচির আওতায় গত ৭ জুলাই পাহাড় ধসে গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে নিহত লক্ষী বিলাশ চাকমার পরিবারের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সূরা সদস্য ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রহমতুল্লাহ, জেলা ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবসার হোসেন এবং উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। এছাড়াও জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক আব্দুল আলীম বলেন, বাঘাইছড়িতে বারবার বন্যার অন্যতম কারণ পাহাড়ি ঢলের পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা না থাকা। তিনি প্রশাসনের প্রতি দ্রুত উদ্যোগ নিয়ে কাচালং নদী ড্রেজিংয়ের মাধ্যমে খননের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তাঁর মতে, এতে ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হবে।