ঢাকা | মে ৬, ২০২৬ - ৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

নেত্র নিউজের প্রতিবাদের জেরে ঈদগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট: Tuesday, May 5, 2026 - 9:40 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:

পার্বত্য এলাকার ম্রো শিশুদের জোরপূর্বক ধর্মান্তরের অভিযোগে মানবিক চিকিৎসক ডা. মো. ইউছুফ আলীর বিরুদ্ধে অনলাইন গণমাধ্যম ‘নেত্র নিউজ’-এ প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে কক্সবাজারের ঈদগাঁওয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে ঈদগাঁও বাসস্টেশন এলাকায় সচেতন নাগরিক ও সাধারণ জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিককে স্বাধীনভাবে ধর্ম পালন ও প্রচারের অধিকার দিয়েছে। কাউকে জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং একটি বিশেষ মহলের অপপ্রচার। তারা দাবি করেন, পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজিও ও মিশনারি কার্যক্রমের মাধ্যমে বিপুল সংখ্যক উপজাতি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেও তা নিয়ে কোনো প্রশ্ন তোলা হয় না। অথচ স্বেচ্ছায় ইসলাম গ্রহণের ঘটনা ঘটলেই সেটিকে বিতর্কিত করার চেষ্টা করা হয়।

বক্তারা আরও বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। শান্তির পথে আগ্রহী মানুষদের নিরুৎসাহিত করতেই ডা. ইউছুফ আলীর মতো ব্যক্তিত্বের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তারা এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের নিন্দা জানান এবং প্রশাসনের কাছে এ বিষয়ে যথাযথ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদকর্মী মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, সাংবাদিক সেলিম উদ্দিন, ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, সংবাদকর্মী আতিকুর রহমান মানিক, নওমুসলিম ডা. মো. আবদুর রহমান চৌধুরী ও সাইম ত্রিপুরা।

এছাড়াও বক্তব্য দেন সাংবাদিক আজিজুর রহমান রাজু, ক্বারী মাওলানা রমজান আলী, মনির আহমদ, মো. জুবাইর ও মো. তৌহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে সোমবার (৪ মে) রাত ১০টায় ঈদগাঁও বাজারে একই ইস্যুতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ডা. মো. ইউছুফ আলী ও সাংবাদিক মাহবুবুল আলম মিনার।

সংবাদ সম্মেলনে বক্তারা ‘নেত্র নিউজ’-এ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের প্রতিবেদন পাহাড়ে শান্তি ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা। তারা ভিত্তিহীন সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।