ঢাকা | জুন ২৩, ২০২৬ - ১:৪৮ পূর্বাহ্ন

নারীর প্রতি সহিংসতা রুখতে রাজস্থলীতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট: Monday, June 22, 2026 - 9:52 pm

রাজস্থলী প্রতিনিধি:

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম (সিসিএইচপি)-এর উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুর ১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএইচসি ও সিএলসি, কাপ্তাই-এর পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। এসময় কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয়ে তথ্যসমৃদ্ধ প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রায়হানুল ইসলাম বলেন, “নারীর প্রতি সহিংসতা রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত অঞ্চলের নারীদের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা, সাংবাদিক আজগর আলী খান, সুমন খান, হাবীবিল্ল্যা মিজবা, উচাপ্রু, চাথোয়াইমং মারমা, যুব উন্নয়ন কর্মকর্তা শান্তি প্রিয় চাকমাসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান, সদস্য, কার্বারি (গ্রাম প্রধান), বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং স্থানীয় নারী ও পুরুষ প্রতিনিধিরা।

মুক্ত আলোচনায় বক্তারা পাহাড়ি ও সমতল অঞ্চলে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং অর্থনৈতিকভাবে নারীদের স্বাবলম্বী করার মাধ্যমে সহিংসতা কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিত সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।