নাইক্ষ্যংছড়িতে মা হাতির মৃত্যু, কারণ অনুসন্ধানে বনবিভাগ
নিজস্ব প্রতিনিধি।।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সীমান্তবর্তী কাগজিখোলা সংলগ্ন চকরিয়া লাম্বা হাকখোলা পূর্ণ গ্রামে অসুস্থ অবস্থায় পড়ে থাকা একটি বন্য মা হাতির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে হাতিটি মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে নূর মোহাম্মদের বাড়ির পশ্চিম পাশে হাতিটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার সঙ্গে একটি ছোট শাবকও ছিল। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসা কার্যক্রম শুরু করেন।
স্থানীয়দের সহায়তায় হাতিটিকে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান বন বিভাগের কর্মকর্তা উজ্জ্বল। তিনি বলেন, হাতিটির শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, মা হাতিটির মৃত্যুর পর গভীর রাতে প্রায় ১০টি বন্যহাতির একটি পাল ঘটনাস্থলে আসে। কিছু সময় সেখানে অবস্থান করার পর হাতির দলটি আবার পাহাড়ের দিকে চলে যায়। এ সময় শাবকটিকে মৃত মা হাতির পাশেই দেখা যায়।
স্থানীয়দের দাবি, পাহাড়ি বনাঞ্চলে খাদ্য সংকটের কারণে প্রায়ই বন্যহাতির দল লোকালয়ে চলে আসছে। দীর্ঘদিনের খাদ্যাভাব ও অপুষ্টির কারণেই হাতিটি অসুস্থ হয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বন বিভাগ জানিয়েছে, মৃত হাতিটির নমুনা সংগ্রহ করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত করা হবে।











