ঢাকা | মে ৪, ২০২৬ - ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম

নাইক্ষ্যংছড়িতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও মতবিনিময় সভা

  • আপডেট: Monday, May 4, 2026 - 7:51 pm

বান্দরবান প্রতিনিধি।।
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে প্রায় আড়াই কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে সুপেয় পানির সংকট নিরসন, পাহাড়ি ঢলের পানি সংরক্ষণ, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং শুষ্ক মৌসুমে পানির অভাব কমাতে খাল পুনঃখনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, বৃষ্টি নির্ভর কৃষিতে খরার কারণে যে ফসল নষ্ট হচ্ছে, খাল পুনঃখননের মাধ্যমে পানি সংরক্ষণ করা গেলে রবিশস্য, আদা, হলুদ ও ফল বাগানে সেচ দেওয়া সম্ভব হবে। এছাড়া খাল খনন ও পাড় বাঁধাই করলে বর্ষা মৌসুমে ভূমিধসের ঝুঁকি কমবে।
তিনি জানান, অনেক এলাকায় শুষ্ক মৌসুমে দূরবর্তী ঝিরি থেকে পানি আনতে হয়। খাল পুনঃখননের ফলে স্থানীয়ভাবে পানির প্রাপ্যতা বাড়বে। পাহাড়ের পানি পাহাড়েই সংরক্ষণ করা গেলে বান্দরবানের কৃষি, পর্যটন ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাচৈ প্রু, জেলা বিএনপি সদস্য নুরুল আলম কোং, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ, সাবেক ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, বিএনপি নেতা সাইফুদ্দিন বাহাদুর, বিএনপি নেতা নুরুল কাসেম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান চৌধুরী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পরে উপজেলা মিলনায়তনে হেডম্যান, কারবারি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য সাচিংপ্রু জেরি।