নতুন কুঁড়ি স্পোর্টসে ইতিহাস গড়লো বরকল উপজেলা
বরকল প্রতিনিধি।।
রাঙামাটি জেলার দুর্গম বরকল উপজেলা প্রথমবারের মতো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ অংশ নিয়ে ১০টি পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছে।
১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা অন্বেষণের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে ফুটবল, ক্রিকেট, সাঁতার, দাবা, কাবাডি, ব্যাডমিন্টন, মার্শাল আর্টস ও অ্যাথলেটিক্সসহ ৮টি খেলায় সারাদেশে একযোগে খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম গত ২৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলে। পরে ২৫ থেকে ২৭ এপ্রিল উপজেলা পর্যায়ে দল গঠন করা হয়।
গত ২ মে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করেন। বরকল উপজেলা থেকে ১১৬ জন বাছাইকৃত খেলোয়াড় নিয়ে ৮টি বিভাগে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়। ২ মে থেকে ১০ মে পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শত প্রতিকূলতা পেরিয়ে দলগত ও একক বিভাগ মিলিয়ে মোট ১০টি পুরস্কার অর্জন করে বরকল উপজেলা।
প্রাপ্ত সাফল্যের মধ্যে রয়েছে, পুরুষ ফুটবল দল চ্যাম্পিয়ন এবং মহিলা ফুটবল দল রানারআপ হওয়ার গৌরব। মহিলা কাবাডি দল চ্যাম্পিয়ন হয়েছে।
মহিলা ব্যাডমিন্টন এককে চ্যাম্পিয়ন হয়েছেন ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পিপলী চাকমা। মহিলাদের ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছেন একই বিদ্যালয়ের ছাত্রী অনুসী চাকমা।
সাঁতারে অসাধারণ সাফল্য দেখিয়েছেন বিলছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মহিলাদের মুক্ত সাঁতার ও বুক সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছেন সুপ্রিয়া চাকমা। মহিলাদের প্রজাপতি সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছেন প্রাপ্তি চাকমা।
এদিকে, পুরুষদের প্রজাপতি সাঁতারে রানারআপ এবং বুক সাঁতারে তৃতীয় স্থান অর্জন করেছেন হাজাছড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র শ্রাবণ চাকমা।
অ্যাথলেটিক্স বিভাগের কোচ আশীষ চাকমাসহ অন্যান্য কোচ জানান, পর্যাপ্ত খেলার মাঠ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকা সত্ত্বেও বরকলের খেলোয়াড়রা জেলা পর্যায়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
তাদের মতে, সঠিক দিকনির্দেশনা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে বরকল উপজেলা থেকেও ঋতুপর্ণা চাকমা ও সুর কৃষ্ণ চাকমার মতো তারকা খেলোয়াড় উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
এ সাফল্যে বরকল উপজেলার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।











