দুর্যোগে দুর্গত মানুষের পাশে রাজস্থলী ছাত্রদল, আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ
মোঃ সুমন খান, রাজস্থলী
টানা ভারী বর্ষণে রাঙামাটি জেলার রাজস্থলীতে পাহাড়ধসের তীব্র আশঙ্কা সৃষ্টি হওয়ায় ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী বহু পরিবারকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি অলি আহম্মদ ও সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির নির্দেশনায় রাজস্থলী উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে সেখানে অবস্থানরত দুর্গত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় শিশু, নারী ও প্রবীণদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করারও চেষ্টা করেন সংগঠনের নেতাকর্মীরা।
রাজস্থলী উপজেলা ছাত্রদলের নেতারা বলেন, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় মানবিক এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোকে সংগঠনের নৈতিক ও সামাজিক দায়িত্ব উল্লেখ করে তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগকালীন সময়ে কোনো মানুষ যেন খাদ্যসংকটে না পড়ে, সে লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।
স্থানীয় বাসিন্দারা ছাত্রদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের এ ধরনের মানবিক কার্যক্রম দুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করে। খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজন তঞ্চঙ্গ্যা, রাজস্থলী উপজেলা ছাত্রবিষয়ক ও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান রুবেল, ২ নং গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মেম্বার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, মো. আফ্রিদিসহ গাইন্দ্যা ও ঘিলাছড়ি ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, টানা বৃষ্টিপাতের কারণে রাজস্থলীর বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। প্রশাসন সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার আহ্বান জানিয়েছে।











