ঢাকা | এপ্রিল ১৫, ২০২৬ - ৪:২০ পূর্বাহ্ন

শিরোনাম

টেকনাফে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-৩

  • আপডেট: Tuesday, April 14, 2026 - 6:52 pm

এম এ হাসান, টেকনাফ।।

পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব-১৫ এর বিশেষ টহল চলাকালে টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ ৩ জন সশস্ত্র মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

আটককৃতরা মূলত মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে আসা মাদকের চালানের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র পাহারাদার হিসেবে কাজ করত বলে র‍্যাব জানিয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। র‍্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্র জানায়, পহেলা বৈশাখের ছুটির সুযোগ নিয়ে মাদকের একটি বড় চালান হাতবদলের উদ্দেশ্যে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলো—টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার মোঃ রাশেদ প্রকাশ রাসেল (২৫), মোঃ সোহেল উদ্দিন প্রকাশ লালু (২৩) এবং এহসান উল্লাহ (২৫)। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), ৮ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি বড় রামদা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা মাদক কারবারি এবং ঘটনার সময় তারা একটি মাদকের চালানের নিরাপত্তায় নিয়োজিত ছিল। তাদের বিরুদ্ধে এলাকায় মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক মামলা রয়েছে।