চট্টগ্রাম মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধ নিহত
মিরসরাই প্রতিনিধি।।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি বিরোধ মীমাংসার জন্য আয়োজিত সালিশি বৈঠকে প্রতিপক্ষের মারধরে শফিকুল আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার মধ্যম আমবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শফিকুল আলম ওই এলাকার নুর বখসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, একটি বাসের ধাক্কায় নিহতের ঘর ক্ষতিগ্রস্ত হওয়াকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়েছিল। বিষয়টি সমাধানের জন্য শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় একটি দোকানের সামনে সালিশি বৈঠক ডাকা হয়।
নিহতের স্বজনরা জানান, বৈঠকের আলোচনা চলাকালে হঠাৎ প্রতিপক্ষের রিঙ্কু নামে এক যুবক শফিকুল আলমের ছেলে (ফকির আহমদ)-এর ওপর হামলা চালায়। এ সময় ছেলেকে বাঁচাতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সালিশি বৈঠকের মধ্যেই হামলাকারীরা শফিকুল আলমের বুকে প্রচণ্ড আঘাত করে। উপস্থিত সবার সামনেই এই মারধরের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শফিকুল আলমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই জানান, এর আগে একটি বাস তাদের ঘরে ধাক্কা দিলে তা নিয়ে বিরোধ তৈরি হয়। সেই ঘটনার মীমাংসার জন্য জুমার নামাজের পর বৈঠকের কথা ছিল। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের লোকজন তাদের ওপর আক্রমণ করে।
বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, ‘সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় একজন মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।’











