ঢাকা | মে ২১, ২০২৬ - ২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

কাপ্তাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

  • আপডেট: Wednesday, May 20, 2026 - 5:37 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১২টায় কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম। তিনি জাতীয় সংগীতের মাধ্যমে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আগুন ও পানিজনিত দুর্ঘটনা থেকে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি পাহাড় কাটা বন্ধে সবাইকে সতর্ক ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দুর্যোগ দুই ধরনের হয়ে থাকে। একটি প্রাকৃতিক দুর্যোগ, অন্যটি মানবসৃষ্ট দুর্যোগ। তাই জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং ফায়ার কর্মী মোঃ ওহীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, কাপ্তাই থানার ওসি (তদন্ত) মোঃ আমীর সোহেল এবং চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।

এর আগে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় আগুন লাগলে কীভাবে তা নিয়ন্ত্রণ করতে হয় এবং আগুন থেকে আত্মরক্ষার বিভিন্ন কৌশল শিক্ষার্থীদের হাতে-কলমে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, ফায়ার সার্ভিসের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।