ঢাকা | এপ্রিল ১৬, ২০২৬ - ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম

সৌদি আরবে রেমিট্যান্স যোদ্ধার করুণ মৃত্যু, ২০ দিন পর খবর পেল পরিবার 

  • আপডেট: Thursday, April 16, 2026 - 7:47 pm

ডেস্ক রিপোর্ট।। সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা।

নিহত ফরিদ চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইলশেপাড় পত্রিকার সংবাদদাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় আড়াই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ফরিদ। গত ২৪ মার্চ থেকে তার সঙ্গে পরিবারের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ফরিদের বাবার মোবাইল ফোনে সৌদি আরব থেকে মৃত্যুর খবরটি জানানো হয়। ফোনের ওপাশ থেকে বলা হয়, গত ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় ফরিদ মারা যান।

হাউমাউ করে কেঁদে সাংবাদিক আবু তালেব সরদার বলেন, ‘আমার ছেলে সৌদি আরবে একটি কপি হাউজে শ্রমিকের কাজ করত। সে দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। অনেক আশা-ভরসা নিয়ে তাকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। সে পরিবারের হাল ধরবে। কিন্তু গত ২০ দিন আগে ছেলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ২০ দিন পর বিকেলে ছেলের মুঠোফোনে তার মৃত্যুর খবর পেয়েছি। আমার আদরের সন্তানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।’

প্রবাসের মাটিতে সড়ক দুর্ঘটনায় ফরিদের মৃত্যুর খবর পাওয়া মাত্রই ফরিদগঞ্জে সাংবাদিক সমাজ, মৃতের পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে সাংবাদিক আবু তালেব সরদারের ছেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ। এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, মৃতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের চাহিদার প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।