সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি পেল পানছড়ির দুর্গম চিকনচান পাড়া
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুর্গম চিকনচান পাড়ায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি সদর জোনের অর্থায়নে স্থাপিত সৌরশক্তি চালিত পানির পাম্পের মাধ্যমে এখন থেকে এলাকার শতাধিক পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবে।
স্থানীয়দের মতে, এতদিন বর্ষা মৌসুমে ঘোলা পানি এবং শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকট ছিল এলাকাটির নিত্যদিনের বাস্তবতা। নিরাপদ পানির উৎস না থাকায় পাহাড়ি ছড়া ও ঝিরির পানির ওপর নির্ভর করতে হতো বাসিন্দাদের। এতে বিভিন্ন সময় স্বাস্থ্যঝুঁকিরও সৃষ্টি হতো।
সোমবার (১৫ জুন) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সৌরচালিত পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন।
জানা যায়, নতুন এই প্রকল্পের আওতায় শুধু স্থানীয় শতাধিক পরিবারই নয়, চিকনচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও নিরাপদ পানির সুবিধা ভোগ করবেন।
উদ্বোধন শেষে জোন কমান্ডার বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
স্থানীয় কার্বারি ও বাসিন্দারা জানান, আগে পানির জন্য নারী ও শিশুদের দীর্ঘ দুর্গম পথ অতিক্রম করতে হতো। বর্ষাকালে ছড়ার দূষিত পানি ব্যবহার করায় অনেকেই অসুস্থ হয়ে পড়তেন। সেনাবাহিনীর এ উদ্যোগ তাদের দীর্ঘদিনের কষ্ট অনেকটাই লাঘব করেছে।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। দুর্গম এলাকার মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতেই এই সৌরচালিত পাম্প স্থাপন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।











