ঢাকা | জুন ১৬, ২০২৬ - ৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম

সেতু আছে, সড়ক নেই: দুর্ভোগে টেকনাফের জুম্মা পাড়ার মানুষ

  • আপডেট: Tuesday, June 16, 2026 - 6:21 pm

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী (জুম্মা) পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ সড়ক অকেজো হয়ে পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, মৃত শফির দোকান সংলগ্ন এলজিইডি কানেক্টিভ রোড থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত সংযোগ সড়কটির উন্নয়ন না হওয়ায় সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৫ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, অতীতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চলাচলের সুবিধার্থে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হলেও সময়ের সঙ্গে সেটি অকার্যকর হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানা-খন্দ তৈরি হওয়ায় বর্তমানে কোনো ধরনের যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে স্থানীয়দের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পথচারী দেলোয়ার হোসেন জানান, সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। দূর থেকে বোঝার উপায় থাকে না এটি রাস্তা নাকি খাল। বর্তমানে বৃষ্টি কম হলেও সড়কের বেহাল অবস্থা অব্যাহত রয়েছে। ফলে শিক্ষার্থী, মৎস্যজীবীসহ সাধারণ মানুষ প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন।

বাহারছড়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তা সংস্কার হলেও জুম্মা পাড়া গ্রামের এই সড়কটি এখনো নির্মাণ হয়নি। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সড়কটির কাজ পিছিয়ে আছে। এতে শত শত মানুষ দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে জরুরি রোগী হাসপাতালে নিতে গেলে সময় বেশি লাগায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

তিনি দ্রুত সড়কটির নির্মাণ ও সংস্কার কাজ শুরু করতে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, বিষয়টি আগে স্থানীয়ভাবে তাকে জানানো হয়নি। তবে অভিযোগ পাওয়ার পর তিনি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।