ঢাকা | জুন ১৬, ২০২৬ - ২:১৬ অপরাহ্ন

শিরোনাম

শান্তি চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই ইরান খেলল আমেরিকায়, নিউজিল্যান্ডের চমক

  • আপডেট: Tuesday, June 16, 2026 - 11:25 am

স্পোর্টস ডেস্ক।। ইরান বনাম আমেরিকা প্রায় তিন মাসের মতো সময় ধরে উত্তাল পরিস্থিতির মধ্যেই আমেরিকার মাটিতে খেলতে নামল ইরান। এদিনের ইরানের খেলা খুবই ঐতিহাসিক কারণ- এর ২৪ ঘণ্টা আগেই আয়োজক আমেরিকার সঙ্গে বৈরী সম্পর্কের আবহ ঘুচিয়ে, দীর্ঘ কয়েক মাসের যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ‘গ্রুপ জি’-তে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করল।

একদিকে যেরকম ইরানের দিকে নজর ছিল ঠিক সেরকমই নিউজিল্যান্ডের দিকেও ছিল সকলের নজর। কারণ এটাই তাদের প্রথম বিশ্বকাপ অভিযান। এদিনের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ২-২ স্কোরলাইন বলে দিচ্ছ তাদের থেকে ক্রমতালিকার অনেক ওপরে থাকা ইরানকে তারা আটকে দিল।

এদিনের ম্যাচে প্রথমেই গোল করে এগিয়ে যায় নিউজিল্যান্ড। ম্যাচের ৭মিনিটের মধ্যে গোল করে দলকে এগিয়ে দেন জাস্ট। অধিনায়ক ক্রিস উডের সঙ্গে বক্সের মধ্যে যুগলবন্দিতে ইরান রক্ষণ ভেঙে গোলে বল ঢুকিয়ে দেন।

অন্যদিকে খেলার ৩২ মিনিটে ইরানকে সমতায় ফেরান রেজাইয়ান। এক গোলে নিউজিল্যান্ডের কাছে পিছিয়ে পরে একের পর এক আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইরান। এই অবস্থায় তাদের গোল শোধ করা ছিল সময়ের অপেক্ষা।

প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে৷ এই অবস্থায়। দ্বিতীয়ার্ধের শুরুটা ঝাঁঝালো করে দু পক্ষই। কিন্তু ফের একবার গোল করে এগিয়ে যায় নিউজিল্যান্ড। এবারেও জাস্ট যুগলবন্দি ছিল তাঁর কিউয়ি অধিনায়কের সঙ্গেই। তাঁর জন্যেই এদিন নিউজিল্যান্ডের ট্যাগলাইন হতে পারত ‘জাস্ট ডু ইট’। খেলার বয়স তখন ৫৪ মিনিট।

৬৪ মিনিটে ফের সমতা ফেরায় ইরান। রেজাইয়ানের অ্যাসিস্টে কিউয়িদের গোলে বল জড়িয়ে দেন ইরানের মোহেবি। কিন্তু এরপর দুপক্ষই দুরন্ত খেললেও গোলে আর কনভার্ট করতে পারেনি।