ঢাকা | মে ১৩, ২০২৬ - ৮:১১ অপরাহ্ন

শিরোনাম

লংগদুতে ১১টি সরকারি দপ্তরে বছরের পর বছর নেই কর্মকর্তা, সেবাগ্রহীতারা বিপাকে

  • আপডেট: Wednesday, May 13, 2026 - 7:16 pm

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙ্গামাটি)

দুর্গম পাহাড়ি এলাকা রাঙ্গামাটির লংগদু উপজেলার সরকারি দপ্তরগুলোতে জনবল সংকটে বিপাকে পড়েছেন উপজেলার লাখো সেবাগ্রহীতা। দৈনন্দিন সেবা নিতে এসে কর্মকর্তাদের অভাবে সময়ের কাজ সময়মতো শেষ করতে পারছেন না গ্রাহকরা।

সরেজমিনে লংগদু উপজেলার বিভিন্ন দপ্তর ঘুরে দেখা যায়, বেশ কয়েকটি সরকারি দপ্তর যেমন সমাজসেবা, মৎস্য অফিস, শিক্ষা অফিস, পরিসংখ্যান অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, সমবায় অফিস, ভূমি অ্যাসিল্যান্ট, পল্লী ও দারিদ্র্য বিমোচন অফিস, মহিলা বিষয়ক অধিদপ্তর, বিআরডিবি ও খাদ্য কর্মকর্তার কার্যালয়সহ প্রায় ১১টি দপ্তর চলছে একজন করে কর্মচারী দিয়ে। যেখানে প্রত্যেকটি দপ্তরে একজন করে কর্মকর্তা থাকার কথা থাকলেও পদ শূন্য রয়েছে উল্লেখিত দপ্তরগুলোতে। এর ফলে দুর্গম এলাকার শ্রমজীবী মানুষরা সেবা নিতে এসে দৈনন্দিন ভোগান্তিতে পড়ছেন। কোনো কোনো দপ্তরে নয়-দশ বছরেও মেলেনি কর্মকর্তাদের ছোঁয়া। একজন কর্মচারী ছুটিতে বা কাজের জন্য বাইরে গেলেও অফিস তালা মেরে যেতে হয়। এতে করে সেবাগ্রহীতারা গিয়ে বারবার ফেরত আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি অ্যাসিল্যান্ট নেই ১ বছর, মহিলা বিষয়ক কর্মকর্তা নেই প্রায় ১১ বছর, মাধ্যমিক শিক্ষা অফিসার নেই ২ বছর, প্রাথমিক শিক্ষা অফিসার নেই দেড় বছর, মৎস্য অফিসার নেই ২ বছর, পরিসংখ্যান কর্মকর্তা নেই ৫ বছর। এভাবেই দিনের পর দিন চলছে দপ্তরগুলো। যার ফলে উপজেলার মানুষের দুর্ভোগ বাড়ছে প্রতিনিয়ত।

সেবাগ্রহীতা ও স্থানীয় নাগরিক সচেতন ব্যক্তিত্ব এবিএস মামুন, লংগদু উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম হালিমসহ অন্যান্য নাগরিকরা জানান, দিনের পর দিন এভাবে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, যা দেখার কেউ নেই। তারা প্রশাসনের নিকট দাবি জানিয়ে বলেন, দ্রুত সময়ে পদ শূন্য দপ্তরগুলোতে কর্মকর্তা পদায়ন করতে হবে। এসব এলাকার শ্রমজীবী মানুষের ভোগান্তির লাগাম টানতে হবে। অল্প সময়ের মধ্যে তা না হলে উপজেলার পরিবেশ ও ভোগান্তি আরও কষ্টদায়ক হয়ে উঠবে।

পাহাড়ি জনপদের উন্নয়ন ও শ্রমজীবী মানুষের সেবা নিশ্চিত করতে এবং সরকারের প্রতিশ্রুত কাজগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রত্যেকটি দপ্তরে কর্মকর্তা পদায়নে সরকারকে জোর দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন জানান, উপজেলায় গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে কর্মকর্তারা পদায়ন না হওয়ায় জনবহুল এই এলাকায় মানুষের ভোগান্তি বাড়ছে। দ্রুত সময়ে কর্মকর্তা পদায়ন হলে মানুষের কষ্ট লাঘব হবে। তিনি বলেন, এখানে কর্মকর্তাদের থাকার ব্যবস্থা না থাকায় এ ধরনের সমস্যা বেশি দেখা দিচ্ছে। তারপরও আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আবারও কথা বলবো, যেন দ্রুত সময়ে শূন্য থাকা দপ্তরগুলোতে কর্মকর্তা পদায়ন করা হয়।