ঢাকা | জুন ২৭, ২০২৬ - ৭:৩০ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবান রিজিয়নের মানবিক উদ্যোগ: অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা ও পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

  • আপডেট: Saturday, June 27, 2026 - 6:27 pm

বান্দরবান জেলা প্রতিনিধি:

মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অংশ হিসেবে বান্দরবান রিজিয়নের উদ্যোগে অসুস্থ এক প্রবীণ রোগীকে চিকিৎসা সহায়তা এবং তার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে ক্যাপ্টেন হাসান ইকরাম (এমও, সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্স)-এর উপস্থিতিতে অসুস্থ রোগী অন্তহা কারবারিকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়। একই সঙ্গে তার পরিবারের জন্য খাদ্য সহায়তাও প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২২ জুন ২০২৬ তারিখে জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া লংলাইপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনকালে তংক্ষং পাড়ার বাসিন্দা অন্তহা কারবারি (৮৪) চোখের চিকিৎসার জন্য আবেদন জানান। বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে জিওসি তাৎক্ষণিকভাবে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এরপর বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে এমডিএস বান্দরবানে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসা সহায়তা পাওয়া অন্তহা কারবারির বাড়ি বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি পোস্ট অফিসাধীন তংক্ষং পাড়ায়।

বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে জানান, দুর্গম এলাকায় অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের সহায়তা কার্যক্রম জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং তা প্রশংসার দাবিদার।