লংগদুতে ঐতিহ্যবাহী বিঝুর তৃতীয় দিনের খেলাধুলা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
লংগদু (রাঙামাটি) প্রতিনিধি।।
রাঙামাটির লংগদু বড়াদমে ঐতিহ্যবাহী বিঝু উৎসব উপলক্ষে খেলাধুলা, পুরস্কার বিতরণী ও তিন দিনের বিঝু উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ৪টায় রাঙাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয়ভাবে আয়োজিত এই খেলাধুলা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিঝু উৎসব আয়োজক কমিটির সভাপতি বাবু সুমন চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান বাবু বিক্রম চাকমা (বলি)।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিঝু উদযাপন কমিটির সদস্য জ্যোতি লাল চাকমা, বিশিষ্ট সমাজসেবক বাবু বিটু চাকমা, লংগদু ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আরতি তালুকদার, লংগদু উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা জিন্নাহসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, খেলোয়াড়, আয়োজক কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রধান অতিথি লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি বলেন, এ ধরনের স্থানীয় ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন পাহাড়ি অঞ্চলের যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।
আয়োজক কমিটি ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের আশা প্রকাশ করেছে।











