ঢাকা | জুন ৫, ২০২৬ - ২:০৬ অপরাহ্ন

র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, কাছে-ধারে নেই ব্রাজিল 

  • আপডেট: Friday, June 5, 2026 - 11:56 am

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বড় সুখবর পেল লিওনেল মেসির আর্জেন্টিনা। ফিফার সদ্য প্রকাশিত সর্বশেষ বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার রাতে ফ্রান্সের হারের সুবাদে সিংহাসনে আরোহণ করল আলবিসেলেস্তেরা।

এর আগে ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা ৮৯৩ দিন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর সিংহাসনটি নিজেদের দখলে রেখেছিল আর্জেন্টিনা। তবে ২০২৫ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হেরে তারা শীর্ষস্থান হারিয়েছিল।

আর্জেন্টিনাকে এক নম্বর জায়গা ছেড়ে দিয়ে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে নেমে গেছে ফ্রান্স। আইভরি কোস্টের বিপক্ষে ফরাসিদের ২-১ গোলে হারের রাতে ইরাকের সঙ্গে ড্র করেও র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থান ধরে রেখেছে স্পেন।

শীর্ষ তিনের পর র‍্যাঙ্কিংয়ের পরের তিনটি স্থানে কোনো পরিবর্তন আসেনি। ৪, ৫ ও ৬ নম্বর স্থানগুলো যথাক্রমে নিজেদের দখলে রেখেছে ইংল্যান্ড, পর্তুগাল ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

শীর্ষ দশের মধ্যে বড় অদলবদল হয়েছে ৭ ও ৮ নম্বর অবস্থানে। এক ধাপ এগিয়ে ৮ নম্বর থেকে ৭ নম্বরে উঠে এসেছে আফ্রিকান পরাশক্তি মরক্কো। আর তাদের জায়গা ছেড়ে দিয়ে ৭ থেকে ৮ নম্বরে নেমে গেছে নেদারল্যান্ডস।

 

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। তবে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ওঠার আনন্দের মাঝেই আলবিসেলেস্তেদের তাড়া করছে ফুটবল ইতিহাসের এক অদ্ভুত অভিশাপ।

১৯৯২ সালে ফিফা আনুষ্ঠানিকভাবে বিশ্ব র‍্যাঙ্কিং চালু করার পর থেকে আজ পর্যন্ত কোনো দলই বিশ্বকাপের ঠিক আগে র‍্যাঙ্কিংয়ের ১ নম্বরে থেকে টুর্নামেন্ট শুরু করে শেষ পর্যন্ত বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি।

২০২২ সালে কাতার বিশ্বকাপে যখন লিওনেল মেসি সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরেছিলেন, তখন আর্জেন্টিনা টুর্নামেন্ট শুরু করেছিল বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ৩ নম্বরে থেকে।

তবে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে এই র‍্যাঙ্কিংয়ে আবারও ওলটপালট হওয়ার সুযোগ থাকছে। কারণ, মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত দলগুলো।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী রোববার সকালে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচটি খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। সোমবার উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ফ্রান্স।