ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ৩:৫২ পূর্বাহ্ন

শিরোনাম

রাজনগর ৩৭ বিজিবির অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • আপডেট: Sunday, July 19, 2026 - 6:53 pm

 

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে গত ১৭ জুলাই শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লংগদু উপজেলার মুর্শিদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি-এর নির্দেশনায় ব্যাটালিয়ন সদর থেকে নায়েব সুবেদার মো. মাসুদ রানা মৃধার নেতৃত্বে একটি চৌকস টহলদল অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করলে টহলদল তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

আটককৃতরা হলেন গুলশাখালী ইউনিয়নের রসূলপুর গ্রামের বাসিন্দা মো. আলী আকবর (৩৭), পিতা: মৃত হায়দার আলী এবং মো. মফিজুল ইসলাম (৪০), পিতা: মৃত আলাউদ্দিন।

পরবর্তীতে আটক দুই আসামিকে জব্দকৃত ইয়াবাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লংগদু থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি বলেন, “দেশকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত রাখতে এবং সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সজাগ রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”