নিখোঁজের আড়াই দিনের মাথায় কাপ্তাই হ্রদে বিএনপি নেতার মরদেহ উদ্ধার
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই হ্রদে নিখোঁজের আড়াই দিনের মাথায় ভাসমান অবস্থায় কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মৌসুমি ফল ব্যবসায়ী মো. মাসুদ (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন।
নিহতের মেয়ে মাইশা আক্তার তমা জানান, গত শনিবার (১৮ জুলাই) সকালে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজারে ব্যবসায়িক কাজ শেষে ইঞ্জিনচালিত নৌকাযোগে কাপ্তাইয়ে ফেরার পথে গর্জনটিলা এলাকায় তার বাবা নিখোঁজ হন। পরে একই এলাকায় মালামালসহ তার ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
নিখোঁজের পর শনিবার সন্ধ্যা থেকেই বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেফটেন্যান্ট কমান্ডার শাহ আব্দুল্লাহ নাছেরের নেতৃত্বে আট সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে কাপ্তাই ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও সার্বক্ষণিক সহযোগিতা করেন।
মো. মাসুদ কাপ্তাই উপজেলার শিল্প এলাকার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে মৌসুমি ফলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”











