রাঙামাটি থেকে উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটি সদর এলাকা থেকে উদ্ধার হওয়া একটি অজগর সাপ মঙ্গলবার (১৯ মে) সকালে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে বন বিভাগ। উদ্ধারকৃত সাপটির দৈর্ঘ্য প্রায় ৬ ফুট এবং ওজন প্রায় ৭ কেজি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসময় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাইয়ের সহকারী বন সংরক্ষক মো. জামাল হোসেন ভুইঞা, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মাহামুদুল হক মুরাদ জানান, গত সোমবার (১৮ মে) রাত ৯টার দিকে রাঙামাটি শহরের হ্যাপির মোড় এলাকায় খাজা এন্টারপ্রাইজ নামক একটি দোকানের জানালায় প্যাঁচানো অবস্থায় অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগের বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে সদর রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে।
তিনি আরও জানান, বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সাপটি নিরাপদ পরিবেশে অবমুক্ত করার জন্য কাপ্তাই জাতীয় উদ্যানে পাঠানো হয়। পরে বন বিভাগের তত্ত্বাবধানে সাপটি উদ্যানে অবমুক্ত করা হয়।











