মাদকমুক্ত পানছড়ি গড়তে মাঠে পাহাড়ী ছাত্র পরিষদ ও যুব সমিতি
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মাদকবিরোধী কঠোর অবস্থান ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি, পানছড়ি শাখা। শুক্রবার (২৪ জুলাই) সংগঠন দুটির পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি নোটিশে এলাকায় মাদক ব্যবসা, সরবরাহ ও সেবনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেওয়া হয়।
নোটিশে বলা হয়, সাম্প্রতিক সময়ে পানছড়ি এলাকায়, বিশেষ করে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকের কেনাবেচা, সরবরাহ ও সেবনের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। মাদকের ভয়াবহ বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সমাজের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।
এ পরিস্থিতি মোকাবিলায় সংগঠন দুটি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে, এলাকায় মাদক ব্যবসা, চোরাচালান বা সেবনের কোনো প্রমাণ পাওয়া গেলে কোনো ধরনের আপস না করে কঠোর ব্যবস্থা গ্রহণ; মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি, সহযোগী ও আশ্রয়দাতাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার উদ্যোগ নেওয়া।
এ ছাড়া মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের সিদ্ধান্তও জানানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, তাদের কোনো সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। একই সঙ্গে সচেতন নাগরিক ও যুবসমাজের সমন্বয়ে বিশেষ নজরদারি টিম গঠন করা হয়েছে, যারা এলাকায় সন্দেহজনক চলাফেরা ও লেনদেনের ওপর সার্বক্ষণিক নজরদারি চালাবে।
সংগঠনের পক্ষ থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের উদ্দেশে কঠোর সতর্কবার্তায় বলা হয়েছে, যারা এখনো এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত রয়েছেন, তারা অবিলম্বে এ পথ থেকে সরে আসুন। অন্যথায় আইনগত ও সামাজিকভাবে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।
মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সচেতনতা কামনা করে সংগঠন দুটি জানায়, পানছড়িকে মাদক ও অপরাধমুক্ত রাখতে তারা জনসচেতনতামূলক কার্যক্রম ও সামাজিক প্রতিরোধ অব্যাহত রাখবে।









