মহালছড়িতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, আগাম প্রস্তুতিতে ক্ষয়ক্ষতি কমেছে: পার্বত্য প্রতিমন্ত্রী
মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: সরকারের সময়োপযোগী ও আগাম প্রস্তুতির কারণে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
রোববার (১৯ জুলাই) দুপুরে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বন্যা-পরবর্তী ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “সরকারের আগাম প্রস্তুতি ও সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের ফলে বন্যার ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান সব জনগোষ্ঠীকে নিয়ে একটি বৈষম্যহীন ‘রংধনুর বাংলাদেশ’ (রেইনবো নেশন) গড়ে তুলতে চান। তাঁর এ লক্ষ্য বাস্তবায়নে দেশের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নে সরকারের বিশেষ গুরুত্ব ও আন্তরিকতা রয়েছে।”
বন্যাদুর্গত মানুষের খাদ্য নিরাপত্তার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, সরকার বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু করেছে। এর আওতায় দুর্গত ও হতদরিদ্র মানুষ স্বল্প মূল্যে খাদ্য সহায়তা পাবেন, যা তাঁদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে প্রতিমন্ত্রী মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি, ফাকিজ্জাছড়ি ও মাইসছড়ি এলাকার বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











