ঢাকা | জুন ৭, ২০২৬ - ৯:০৯ অপরাহ্ন

শিরোনাম

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

  • আপডেট: Sunday, June 7, 2026 - 7:10 pm

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর মতিঝিলে লোকমান হোসেন নামের এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ সময় তার হাতে ও পায়ে তিনটি গুলি লেগেছে। তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা।

‎আজ রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টায় মতিঝিল শাপলা চত্বরে জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তির কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল দুজন। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই ব্যক্তিকে গুলি করা হয়। তখন আশপাশে থাকা লোকজন ভয়ে দৌড়ে পালান। পরে গুলিবিদ্ধ ব্যক্তির কাছ থেকে ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় ওই দুই ছিনতাইকারী। ওই ব্যাগে কত টাকা ছিল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ঘটনাস্থলে একাধিক মোটরসাইকেল ছিল। কারা এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত, তা শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতিঝিল থানা-পুলিশের একটি সূত্র বলছে, লোকমানকে অনুসরণ করছিল ছিনতাইকারী চক্রটি। জনতা ব্যাংকের সামনে আসামাত্রই একটি মোটরসাইকেলে দুজন এসে লোকমানের গতি রোধ করে। এরপর গুলি করে ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।

তবে ওই ব্যাগে ঠিক কত টাকা ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‎এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ওই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে তার সঙ্গে থাকা একটি ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ওই ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেছে।

‎তিনি আরো জানান, ওই ব্যবসায়ীর হাতের কুনুইর নিচে একটি এবং পায়ে হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। কারা এই অপকর্ম করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।