ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী-শিশুসহ এক পরিবারের তিনজনের মৃত্যু

  • আপডেট: Tuesday, July 21, 2026 - 11:51 am

চাঁপাই সংবাদদাতা।। চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার বারঘোরিয়া-বাদুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন এবং বারঘোরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন— বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, তার ভাতিজি (ভাইয়ের মেয়ে) আশা খাতুন এবং আশার মেয়ে মিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির একটি লোহার মই বৃষ্টির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। ওই মই ব্যবহার করে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে এগিয়ে এলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনজনই ঘটনাস্থলেই মারা যান।

সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।