ঢাকা | মে ৩, ২০২৬ - ৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানের আলীকদমে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সফল টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন

  • আপডেট: Sunday, May 3, 2026 - 6:48 pm

আলীকদম সংবাদদাতা।।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের তত্ত্বাবধানে কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় সফলভাবে টিকাদান ও চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।

গত ৩০ এপ্রিল থেকে ২ মে ২০২৬ পর্যন্ত দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে মোট ১৪টি দুর্গম পাড়ায় এ সেবা পৌঁছে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আলীকদম উপজেলার মোট ৮ হাজার ২৭৮ জনের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৬ হাজার ৫১৩ জনকে টিকার আওতায় আনা হয়েছে। এর মধ্যে কুরুকপাতা ইউনিয়নেই ৭৮৫ জন শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে।

এছাড়া কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয় নারী, পুরুষ ও প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী নিয়মিত জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও দুর্গম অঞ্চলের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সেনাবাহিনীর এ যৌথ উদ্যোগকে দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের একটি কার্যকর ও অনুসরণযোগ্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।