ঢাকা | জুন ২৪, ২০২৬ - ১:২৫ অপরাহ্ন

শিরোনাম

প্রজ্ঞাপন থাকলেও ঈদগাঁও উপজেলায় নিয়োগ পাচ্ছেন না সহকারী কমিশনার (ভূমি)

  • আপডেট: Wednesday, June 24, 2026 - 12:29 pm

ঈদগাঁও প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলায় একনেকের অনুমোদনের প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও এখনো স্থাপন করা হয়নি উপজেলা ভূমি অফিস। সহকারী কমিশনার (ভূমি) পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি থাকলেও গত দুই বছর ধরে অজ্ঞাত কারণে পদায়ন না হওয়ায় স্থানীয় জনগণ ভূমি সংক্রান্ত নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে ভূমি সেবা সহজিকরণ কার্যক্রমে চরম ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২০২১ সালের ১ সেপ্টেম্বর কক্সবাজার জেলার ঈদগাঁওকে নতুন উপজেলা হিসেবে অনুমোদন দেয়। এটি জেলার নবম উপজেলা। তবে উপজেলা ঘোষণার পর প্রশাসনিক কিছু কার্যক্রম শুরু হলেও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ ভূমি প্রশাসন কাঠামো গড়ে ওঠেনি।

বর্তমানে ভাড়া করা কার্যালয়ে উপজেলা প্রশাসনের কয়েকটি দপ্তরের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ এবং পৃথক উপজেলা ভূমি অফিস স্থাপন এখনো বাস্তবায়ন হয়নি।

এ অবস্থায় উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের বাসিন্দাদের ভূমি সংক্রান্ত সেবা নিতে প্রায় ৩৫ কিলোমিটার দূরের কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি চরম ভোগান্তির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা। স্থানীয়দের অভিযোগ, দূরবর্তী কার্যালয়ে গিয়ে অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাওয়া যায় না, ফলে কাঙ্ক্ষিত সেবা সময়মতো পাওয়া সম্ভব হয় না।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিস বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন প্রকল্প, সমুদ্র সৈকত এলাকায় উচ্ছেদ অভিযান, ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন সরকারি কার্যক্রমে ব্যস্ত রয়েছে। একই সঙ্গে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঈদগাঁও উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করায় প্রশাসনিক চাপও বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে জানা গেছে, কক্সবাজার জেলা প্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রয়োজনীয় সরকারি আদেশ (জিও) জারি করলেও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও পদায়ন না হওয়ায় সার্বিক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্র না পাওয়ায় ভূমি প্রশাসন সংশ্লিষ্ট জটিলতা আরও বাড়ছে বলে সংশ্লিষ্টদের দাবি।

ভুক্তভোগীরা জানান, নামজারি, মিস কেস অনুমোদন, আদালতের তদন্ত প্রতিবেদন, প্রশাসনিক অনুমোদনসহ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন সেবা দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছে। এতে সাধারণ মানুষকে বারবার উপজেলা সদরে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের অধীনে সরকারি খতিয়ানভুক্ত ও বাউন্ডারিযুক্ত ৮৬ শতক জমি রয়েছে, যেখানে উপজেলা ভূমি অফিস স্থাপনের পর্যাপ্ত সুযোগ রয়েছে।

ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল জব্বার বলেন, “ঈদগাঁও উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ না থাকায় জনগণের ভূমি সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। দ্রুত কাজ নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। বালি উত্তোলন, পাহাড় কাটা, মাটি কাটা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণেও সমস্যা হচ্ছে। ফলে সাধারণ মানুষ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।”

স্থানীয় জনগণের দাবি, দ্রুত সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মকর্তা নিয়োগ এবং উপজেলা ভূমি অফিস স্থাপনের মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানো হোক।