ঢাকা | জুন ১১, ২০২৬ - ৯:১৬ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত

  • আপডেট: Thursday, June 11, 2026 - 7:13 pm

বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে সদর হাসপাতাল চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালের নির্মাণাধীন সেবা ভবনে শ্রমিকরা কাজ করছিলেন। একপর্যায়ে ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মূল লাইনের সঙ্গে একটি লোহার পাতের সংস্পর্শ হলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। আহত দুই শ্রমিককে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

নির্মাণশ্রমিকদের অভিযোগ, এর আগেও একই ভবনে কাজ করার সময় বিদ্যুতের সংস্পর্শে এসে দুই শ্রমিক আহত হয়েছিলেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে বান্দরবান গণপূর্ত উপবিভাগের উপসহকারী প্রকৌশলী মো. নাদের হোসেন বলেন, পূর্বের দুর্ঘটনার বিষয়ে জানার পর বিদ্যুৎ বিভাগের সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করা হয়েছিল। পাশাপাশি ঠিকাদার প্রতিষ্ঠানকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। শ্রমিকদের প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।

অভিযোগের বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো লিখিত আবেদন দেওয়া হয়নি। তাই বিদ্যুৎ লাইন সরানো বা আবরণ দেওয়ার বিষয়টি বিবেচনায় আসেনি।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী বলেন, নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।