ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ৭:২৬ অপরাহ্ন

শিরোনাম

বাউফলে সাড়ে সাত লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে দিল মৎস্য বিভাগ

  • আপডেট: Monday, July 20, 2026 - 4:27 am

বাউফল প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফল উপজেলায় অভিযান চালিয়ে আনুমানিক সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি (চাই জাল/রিং জাল) জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই)  বিকেল ৪টার দিকে বাউফল উপজেলা মৎস্য অফিস কার্যালয়ের প্রধান ফটকে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাউফল উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বর্ষাপ্লাবিত ধানক্ষেত, বিল ও খালে পরিচালিত অভিযানে এসব নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত ১৫০টি জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা।

জাল ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) তপন মজুমদার, বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম. এম. পারভেজ এবং নৌপুলিশের সদস্যরা।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে বাউফলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।