বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াটার এ্যাম্বুলেন্স অকেজো দীর্ঘদিন
বরকল প্রতিনিধি।।
রূপের রাণী রাঙামাটি জেলার অন্যতম প্রাচীন উপজেলা বরকল। পাহাড়বেষ্টিত এই উপজেলাটি দুর্গম হওয়ায় মানুষের মৌলিক অধিকার সব ক্ষেত্রেই বঞ্চিত। স্বাস্থ্যসেবা খাতটি প্রায়ই ভঙ্গুর। প্রাথমিক চিকিৎসাসেবাও পাওয়া প্রায়ই দুষ্কর বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সড়ক পথে যাতায়াতের ব্যবস্থা না থাকায় একমাত্র অবলম্বন নৌপথ। বরকল সদর থেকে নৌপথে রাঙামাটি জেলা সদরে পৌঁছাতে সময় লাগে ২ থেকে ৩ ঘণ্টা। সাধারণ রোগী থেকে মুমূর্ষু রোগী সবাইকে ভরসা করতে হয় নৌযানের উপর।
রোগীদের সমস্যার কথা চিন্তা করে ৭-৮ বছর আগে রাঙামাটি জেলা পরিষদ থেকে ৭৫ ঘোড়া ইঞ্জিনের একটি ওয়াটার এ্যাম্বুলেন্স দেওয়া হয় বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সাথে তিন বছরের চুক্তিভিত্তিক একজন চালক নিয়োগ দেয় রাঙামাটি জেলা পরিষদ। শুরু থেকেই অতিরিক্ত ভাড়ার কারণে ওয়াটার এ্যাম্বুলেন্সটি গলার কাঁটা হয়ে দাঁড়ায় অসহায় মানুষের নিকট। রোগী বহন করার জন্য বরকল থেকে রাঙামাটি পর্যন্ত ভাড়া গুনতে হয় বিশ হাজার টাকা।
চালকের চুক্তি নবায়ন না করা, অব্যবস্থাপনা, হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতা ও রক্ষণাবেক্ষণের অভাবে ওয়াটার এ্যাম্বুলেন্সটির জায়গা হয় পানির পরিবর্তে নদীর চরে।
এ বিষয়ে বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শান্তনু দাশ বলেন, “বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াটার এ্যাম্বুলেন্সটি ৭-৮ বছর আগে রাঙামাটি জেলা পরিষদ বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চুক্তিভিত্তিক চালকসহ দেয়। পরে চালকের চাকরি স্থায়ী না হওয়ায় সেটি আস্তে আস্তে অকেজো হয়ে গেছে। জেলা পরিষদের সাথে বারবার যোগাযোগ করা হলেও তারা কোনো কর্ণপাত করেনি।”
বরকলের সাধারণ মানুষের মুখে এখন একটাই প্রশ্ন, আদৌ কি বরকলবাসী পাবে ন্যূনতম স্বাস্থ্যসেবা? হাসপাতালে পৌঁছাতে পারবে ওয়াটার এ্যাম্বুলেন্সে?











